মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়ার তিন আসামির মধ্যে গ্রেপ্তার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তিন আসামির মধ্যে মঞ্জুসহ দুই ভাই পলাতক ছিলেন। অপর এক আসামি সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী আগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মঞ্জু গ্রেপ্তার হওয়ার পর এখন পলাতক রইলেন অপর আসামি ও তাঁর ভাই মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য রয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের ৫ মে থেকে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ৮ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এরপর ১৮ সেপ্টেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে আটপাড়ার কুলশ্রীর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (গতকাল) ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি ওই তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেদিন সোহরাব ফকির গ্রেপ্তার হন।