মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়ার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গতকাল রোববার মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তিন আসামির মধ্যে মঞ্জু ও তাঁর ভাই মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি পলাতক ছিলেন। অপর এক আসামি সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য রয়েছে।
এর আগে গত বছরের ৫ মে থেকে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত ৮ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এরপর ১৮ সেপ্টেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ।
তিন আসামির গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তদন্তে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ওই এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ ছয়টি অভিযোগ এসেছে। তদন্ত সংস্থার তথ্য অনুসারে, আসামিদের তিনজনই একাত্তরে জামায়াতের কর্মী ছিলেন।
প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে আটপাড়া কুলশ্রীর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি ওই তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেদিন সোহরাব ফকির গ্রেপ্তার হন।