নেত্রকোনার শতাধিক গ্রাম ১২ দিন ধরে বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার শতাধিক গ্রামে ১২ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ওই সব গ্রামের হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পল্লী বিদ্যুৎ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে জেলার সদর উপজেলা, কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ, পূর্বধলা ও দুর্গাপুরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে জেলায় দুই শতাধিক বৈদ্যুতিক খঁুটি ভেঙে পড়ে। অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ কারণে ওই সব উপজেলার বেশির ভাগ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি৷ বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্রে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলমাকান্দার মৌতল গ্রামের শাহিন খান জানান, এখন ধান কাটার মৌসুম৷ বিদ্যুৎ না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন৷ একই উপজেলার পনার পারুয়া গ্রামের বলাই বলেন, ‘এত দিন বিদ্যুতের লাইন ঠিক করতে লাগলে বিদ্যুতের কথা মানুষ ভুলেই যাবে।’ একই উপজেলার পাঁচপাড়া গ্রামের ছাত্তার বলেন, ‘বিদ্যুৎ নেই প্রায় ১৪ দিন ধরে । পোলাপানের লেখাপড়া নষ্ট হচ্ছে। খবরও শুনতে পারছি না।’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু তাহের জানান, বিদ্যুৎলাইন মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। সপ্তাহ খানেকের মধ্যে প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।