নেত্রকোনার সাত উপজেলায় নেই ফায়ার সার্ভিস স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ১০টি উপজেলার মধ্যে মাত্র ৩টিতে ফায়ার সার্ভিস স্টেশন আছে। সাতটি উপজেলায় এখনো ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যে চারটি উপজেলায় স্টেশন নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। নানা জটিলতায় এসব স্টেশন উদ্বোধন করা যাচ্ছে না। এতে এসব উপজেলার লাখ লাখ মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
এদিকে গত দেড় বছরে চারটি উপজেলায় অন্তত নয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার স্টেশন না থাকায় যথাসময়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে আগুনে ১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস স্টেশন ও গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ ও কেন্দুয়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও বারহাট্টা, খালিয়াজুরী ও পূর্বধলা উপজেলায় নেই। আর মদন, আটপাড়া, কলমাকান্দা ও দুর্গাপুরে স্টেশন নির্মাণকাজ শেষ করার মেয়াদ তিন থেকে সাড়ে ছয় বছর আগেই উত্তীর্ণ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে গণপূর্ত অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে মদন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় ১ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা। একই বছরের ২৯ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তারিফ এন্টারপ্রাইজ কাজ পায়। কাজের মেয়াদকাল ধরা হয় ৩৩০ দিন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, দোতলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও দেয়ালে রং, আঙিনা পাকাকরণ, রাস্তা তৈরি, প্রাচীর নির্মাণসহ বেশ কিছু কাজ সম্পন্ন হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের পক্ষে নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা মীর রুমেল মিয়া বলেন, বরাদ্দের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এ কারণে আপাতত কাজ স্থগিত আছে।
কাজের দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আলী মল্লিক বলেন, ব্যয় সংশোধন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
কলমাকান্দায় ভবন নির্মাণের কাজ পায় মো. ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ২৩ অক্টোবর থেকে ১ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ২৭০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা। এ কাজ দেখভাল করেন আনিসুর রহমান। গতকাল সোমবার জানতে চাইলে তিনি বলেন, কাজ সম্পন্ন হয়ে গেছে।
দুর্গাপুরে ১ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ১৪১ টাকা ব্যয়ে যৌথভাবে কাজ পান মো. আজাদ রহমান ও আনিছুর রহমান। ২০১২ সালের ২৫ মার্চ থেকে ৩৬৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা। ঠিকাদার আজাদ রহমান বলেন, নির্মাণকাজ শেষ। রং করে কাজ বুঝিয়ে দেওয়া হয়।
আটপাড়ায় ২০০৯ সালের ৩১ মার্চ কাজ পায় এ বি বিল্ডার্স অ্যান্ড ইক্যুইপমেন্ট প্রতিষ্ঠান। এ কাজের সময়সীমা ছিল ৩৩০ দিন। ব্যয় ধরা হয় ৯৬ লাখ ৮৪ হাজার ৭৩৫ টাকা। ঠিকাদার মো. রতন বলেন, সম্প্রতি কাজ শেষ করা হয়েছে। এখন গণপূর্ত অধিদপ্তর চাইলেই বুঝিয়ে দেওয়া হবে।
কাজের দেখভাল করার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এ এস এম মুসা বলেন, ‘তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আমরা দু-এক মাসের মধ্যে ভবনগুলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
এদিকে গত দেড় বছরে কলমাকান্দা, মদন, পূর্বধলা ও খালিয়াজুরী উপজেলায় অন্তত নয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭২টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, এতে তাঁদের অন্তত ১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা আরও বলেন, এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এত বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক প্রাণনাথ সাহা বলেন, ‘নির্মাণাধীন ওই চারটি ফায়ার সার্ভিস স্টেশন গণপূর্ত অধিদপ্তর আমাদের কাছে হস্তান্তর করলে স্টেশনগুলো চালু করা সম্ভব হবে।’