
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত আওয়ামী লীগের স্থানীয় নেতা দুলাল মিয়া গত রোববার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ লোকজন গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের আটটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ৪১টি ঘর পুড়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর কেন্দুয়ার সাহিতপুর বাজারের সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সান্ধিকোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রায়জুড়া গ্রামের বাসিন্দা আবু তাহের তাঁর লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এতে সান্ধিকোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেংজানা গ্রামের বাসিন্দা দুলাল মিয়াসহ (৪৫) অন্তত ২০ শ্রমিক আহত হন। দুলাল মিয়াকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার গভীর রাতে দুলাল মারা যান।
গতকাল সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী আবু তাহের, তাঁর আত্মীয়স্বজন ও সমর্থকদের আটটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে আবু তাহের, তাঁর ভাই সিদ্দিক মিয়া, ফজলুল হক, আবুল হাসেম, আজিজুল হক, হাদিস মিয়া, ভগ্নিপতি আলতাবুর রহমান, প্রতিবেশী মোতালেব, সুরুজ আলী, সুলতান মিয়া, সেলিম মিয়া, খোকন মিয়া, হাছেন আলীসহ ১৭ ব্যক্তির ৪১টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় কেন্দুয়া থানার পুলিশ ও র্যা ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার বলেন, স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ৮ বাড়ির ১৭ জন মালিকের ৪১টি ঘর ও ঘরে থাকা জিনিসপত্র পুড়ে যায়।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকালের ঘটনায় মামলা হয়নি। তবে ২৮ ডিসেম্বরের ঘটনায় আবু তাহের ভূঁইয়া ও তাঁর লোকজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।