নেত্রকোনায় অজ্ঞাত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। গতকাল রোববার পর্যন্ত পাঁচটি গ্রামে অন্তত ৪০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। শনিবার পর্যন্ত শিশুসহ ১৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) ও আইসিডিডিআরবির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল আক্রান্ত এলাকায় রোগ নির্ণয়ে মাঠে নেমেছে।
মাস খানেক আগে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের জামশেন গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পাঁচজন মারা যায়। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘নেত্রকোনায় অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ঢাকা থেকে গেছে অনুসন্ধান দল’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
প্রথমে জামশেন গ্রামে এ রোগ দেখা দিলেও ক্রমশ তা পাশ্ববর্তী নাউরিপাড়া, বরুনখিলা, শেওরাগঞ্জ, মহিষাশুরা গ্রামেও ছড়িয়ে পড়ছে। এসব এলাকায় নারী-শিশুসহ বর্তমানে ৪০ জনের মতো আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন খান গতকাল প্রথম আলোকে বলেন। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, রোগটির লক্ষণ বসন্ত রোগের মতো। শরীরে ব্যথা, জ্বর, বমি ও চামড়ায় বসন্তের মতো কালচে গুটি গুটি দাগ দেখা দেয়।
ঢাকার আইইডিসিআর ও আইসিডিডিআরবির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্রতিনিধিদল রোগ নির্ণয়ে মাঠে নেমেছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন আইইডিসিআরের চিকিৎসা কর্মকর্তা আহমেদ রায়হান শরীফ। প্রতিনিধিদলের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত আক্রান্তদের শরীর থেকে রক্ত, ক্ষতস্থানের চামড়া প্রভৃতি আলামত সংগ্রহ করেন। তাঁরা বলছেন, পরীক্ষা না করে সঠিক কিছু বলা যাবে না।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন খান জানান, আক্রান্ত এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের তিনটি মেডিকেল টিম কাজ করছে। তারা আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে। রোগীদের এজিথ্রোমাইসিন অথবা এমোক্সিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিকের পাশাপাশি প্যারাসিটামল ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন বিজন কান্তি সরকার বলেন, ‘আইইডিসিআরের রিপোর্ট না পাওয়া পর্যন্ত রোগটি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটা চিকেন পক্স (জলবসন্ত) হতে পারে। এগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আহমেদ রায়হান শরীফ প্রথম আলোকে বলেন, ‘এখনই আমরা কিছু বলছি না। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি জলবসন্ত। আগামীকাল সোমবার নিশ্চিত করে জানানো যাবে।’
জলবসন্তে এক মাসে পাঁচজন মানুষ মারা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলছি না।’