নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জামশেন গ্রামে অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে গত এক মাসে গ্রামটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শিশুসহ আক্রান্ত আছে আরও অন্তত ১৬ জন।
আক্রান্তদের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক শিশু মারা যায়। ফলে ওই এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, এ রোগটির নাম ‘ম্যানিনজোক্কাল মেনিনজাইটিস’।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছেন, বিষয়টি অনুসন্ধানের জন্য ঢাকা থেকে বিজ্ঞানীদের একটি দল নেত্রকোনায় গেছে। দু-এক দিনের মধ্যে প্রকৃত কারণ জানা যাবে।
এলাকার কয়েকজন বাসিন্দা, আক্রান্ত পরিবার ও জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মাস খানেক আগে হঠাৎ করে কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের জামশেন গ্রামের ছমেদ আলীর ছেলে ফজলু মিয়ার (৪৫) শরীরে অজ্ঞাত এ রোগ দেখা দেয়। স্থানীয়দের ভাষ্যমতে, রোগটির লক্ষণ বসন্ত রোগের মতো। শরীরে জ্বর, মাথাব্যথা, বমি, ব্যথা ও চামড়ায় বসন্তের মতো কালচে গুটি গুটি দাগ দেখা দেয়। গুটি গুটি দাগের কারণে গ্রামবাসীর ধারণা ‘এটি গুটিবসন্ত’।
স্থানীয় চিকিৎসকদের চিকিৎসা নিয়ে প্রায় সাত দিন পর ফজলু মিয়া এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। এক এক করে এই রোগে গ্রামের রবন খার (৭২), ফৌজদার মিয়ার দুই সন্তান মেয়ে মাসুদা আক্তার (১৩) ও ছেলে রকিবুল ইসলাম (৫) ও হাসিম উদ্দিনের মেয়ে মারুফা আক্তার (৯) নামে আরও চারজন মারা যায়। এদের মধ্যে চতুর্থ শ্রেণির ছাত্রী মারুফা আক্তার সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পথে সন্ধ্যায় মারা যায়।
এ ছাড়া অজ্ঞাত এই রোগে এ পর্যন্ত নারী-শিশুসহ আরও অন্তত ১৬ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদের বেশির ভাগই শিশু।
এলাকার বাসিন্দা ফৌজদার মিয়া বলেন, এলাকার সবাই এখন আতঙ্কে আছে। কেউ কেউ ভয়ে গ্রাম ছেড়ে আত্মীয়বাড়িতে চলে গেছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘মাস খানেক আগে এই রোগটি এলাকায় দেখা দেয়। আমরা প্রথমে চিকেন পক্স (গুটিবসন্ত) বলে ধারণা করছিলাম। কিন্তু এখন ডাক্তাররাও এই রোগটি সম্বন্ধে বলতে পারছেন না। এই রোগে এ পর্যন্ত গ্রামের পাঁচজন মারা গেছে।’
চিকেন পক্সে এখন মানুষ মারা যেতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মুশতাক হোসেন বলেন, চিকিৎসাহীন অবস্থায় থাকলে রোগী মারা যেতে পারে।
গত শুক্রবার দুপুরে জেলার সিভিল সার্জন বিজন কান্তি সরকারের নেতৃত্বে সাত সদস্যের উচ্চপর্যায়ের একটি চিকিৎসা দল আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে। এ সময় তারা আক্রান্তদের শরীরের রক্ত, ক্ষত হয়ে যাওয়া চামড়াসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছে। গতকাল সেসব আলামত ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধপথ্যসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে একে একটি ছোঁয়াচেজাতীয় রোগ বলে মনে হচ্ছে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ রোগটির নাম “ম্যানিনজোক্কাল মেনিনজাইটিস”। তবে রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ঢাকার আইইডিসিআরে আলামত পাঠিয়েছি। সেখানে বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলতে পারবেন।’