নেত্রকোনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
নির্ধারিত সময়ের আগে পরীক্ষার খাতা জমা নেওয়ার অভিযোগ তুলে নেত্রকোনায় গতকাল মঙ্গলবার একটি কেন্দ্রের তিন শতাধিক এইচএসসি পরীক্ষার্থী বিক্ষোভ করে। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করে।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা অভিযোগ করে, নেত্রকোনা শহরের মদন-কেন্দুয়া বাসস্টেশন এলাকায় আবু আব্বাছ ডিগ্রি কলেজ কেন্দ্রে নেত্রকোনা সরকারি কলেজ ও চন্দ্রনাথ কলেজ মিলিয়ে ১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল ছিল তাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তিন ঘণ্টা সময়ব্যাপী এই পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা নিয়ে যান।
কেন্দ্রের ১৪ ও ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগে খাতা জমা দিতে না চাইলে কর্তব্যরত শিক্ষকেরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং সামনের পরীক্ষায় দেখে নেবেন বলেও হুমকি দেন। এতে পৌনে একটার দিকে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বাইরে এসে বিক্ষোভ করে এবং মিছিল নিয়ে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মো. ওবায়দুল, বায়েজিদ, রিয়াজ, হারুন-অর- রশিদ, ফারুক মিয়া প্রমুখ বক্তব্য দেয়। সমাবেশ শেষে তারা আবার বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং বিষয়টি মৌখিকভাবে তাঁদের জানায়।
এ বিষয়ে ওই কেন্দ্রের সচিব নৃপেন্দ্র চন্দ্র রায় বলেন, পরীক্ষার্থীদের অভিযোগ সত্য নয়। সঠিক সময়েই তাদের কাছ থেকে খাতা জমা নেওয়া হয়েছে। কিছু পরীক্ষার্থী একত্র হয়ে এই অভিযোগ তুলে আন্দোলন করেছে।
এ বিষয়ে আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর খাতা জমা নেওয়া হয়েছে। ডিউটি কড়াকড়ি করায় তারা বাইরে এসে বিক্ষোভ করে। তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ‘এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোছাইন আকন্দকে দায়িত্ব দিয়েছি।’
অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোছাইন বলেন, নির্ধারিত সময়েই খাতা জমা নেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থীদের সঙ্গে ১৫ নম্বর কক্ষের কর্তব্যরত দুজন শিক্ষক অশোভন আচরণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাঁদেরকে সামনের পরীক্ষার দায়িত্ব পালন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।