নেত্রকোনায় কিশোরীর মুখে 'অ্যাসিড' নিক্ষেপ
নেত্রকোনায় নিজ বাড়িতে রাতের বেলা ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তের ছোড়া ‘দাহ্য বস্তুতে’ এক কিশোরীর মুখ ঝলসে গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার কলমাকান্দা উপজেলার মণ্ডলেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় পার্শ্ববর্তী বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে। মেয়েটির বাবা বাদী হয়ে সোহাগ মিয়াকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার শিকার হওয়া ওই কিশোরীকে সোহাগ মিয়া প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ নিয়ে গ্রামে সালিসও হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার কিছু পরে মেয়েটি শোয়ার ঘরে ঘুমিয়েছিল। এ সময় দুর্বৃত্তরা টিনের বেড়ার ফাঁক দিয়ে তার গায়ে ‘অ্যাসিড’ ছুড়ে মারে। এতে তার মুখের বাঁ দিক থেকে গলার নিচ পর্যন্ত ঝলসে যায়। ওই রাতেই তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল বুধবার প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরীর বাবা বলেন, ‘সোহাগ মিয়া আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে সালিস হলেও তা বন্ধ হয়নি। জেদ থেকেই সে আমার মেয়েকে অ্যাসিড মেরেছে। আমি তার শাস্তি চাই।’ সোহাগ মিয়া পুলিশ হেফাজতে। তাঁর বাবার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে এটি অ্যাসিড-জাতীয় কোনো রাসায়নিক পদার্থ। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। দাহ্য বস্তুতে মেয়েটির মুখমণ্ডলের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে।
সিধলী পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, মেয়েটির ওপর সিরিঞ্জ দিয়ে অ্যাসিড ছোড়া হয়েছে। বেড়ার পাশ থেকে সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।