নেত্রকোনায় কুকুরের কামড়ে আহত ৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত তিন দিনে কুকুরের কামড়ে অন্তত ৫৯ জন আহত হয়েছেন।
জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি আহত লোকজনের মধ্যে ১৩ জনের বয়স ১৮ বছরের নিচে। তবে প্রশাসন এ বিষয়ে এখনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
সদর হাসপাতালে জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত তাদের এখানে ৪২ জন চিকিৎসা নিয়েছেন। আহত লোকজন জানান, শহরের শাহ সুলতান সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গত সোমবার বিকেলে কয়েকটি পাগলা কুকুর আটজনকে কামড় দেয়। পরে জেলা শহরের কুড়পার, নাগড়া, জয়নগর, ছোট বাজার, বড় বাজার, মোক্তারপাড়া, চকপাড়াসহ বিভিন্ন এলাকায় কুকুরের দলের কামড়ে বেশ কয়েক ব্যক্তি আহত হন।
সদর হাসপাতালে গত সোমবার নয়জন, মঙ্গলবার ২১ জন ও বুধবার বিকেল পর্যন্ত ১২ জন চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আফতাব হোসেন বলেন, কুকুর সাধারণত পাগল হয়েই লোকজনকে কামড়ায়। ওই কুকুরগুলো বেওয়ারিশ।
পৌর মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, এসব কুকুর এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি। তবে শিগগির কুকুরগুলো নিধনের ব্যবস্থা নেওয়া হবে।