নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৌরাটি এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সারোয়ানা বেগম (৫৫)। তিনি উপজেলার বিক্রমশ্রী গ্রামের খোরশেদ আলীর স্ত্রী।

  এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেন মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এটি বারহাট্টা উপজেলার বৌরাটি স্থানে পৌঁছে। এ সময় উপজেলার বিক্রমশ্রী গ্রামের  সারোয়ানা বেগম রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

  বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সারোয়ানা বেগমের লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।