নেত্রকোনায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় হাসেন আলী (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যার প্রায় ১০ বছর পর আজ বৃহস্পতিবার এ মামলার রায় হয়েছে। রায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ।

দণ্ড পাওয়া আসামিরা হলেন কলমাকান্দা উপজেলার চারুলিয়া মাইজপাড়া গ্রামের মো. মফিজ খা ও মো. ধান শরিফ। তাঁদের মধ্যে মো. মফিজ পলাতক। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই গ্রামের অপর নয় আসামি মো. মঞ্জিল খা, মো. আবদুল মন্নাফ খা, মো. রতন খা, মো. মোস্তফা, মো. সুজন খা, মো. জুয়েল খা, মো. সুহেল খা, মো. মিলন ও মো. বিপ্লবকে বেকসুর খালাস দেন আদালত।

রায়ের বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৭ ডিসেম্বর সকালে হাসেন আলী ও তাঁর স্ত্রী শামছুন্নাহার বেগম তাঁদের আড়াই বছরের মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন। সকাল আটটার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের কাওয়াডহর এলাকায় এলে পূর্বশত্রুতার জের ধরে চারুলিয়া মাইজপাড়া গ্রামের মো. মফিজ খা ও তাঁর লোকজন লাঠি, রড, কুড়াল, দাসহ হাসেন আলীর ওপর হামলা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত হাসেন আলীকে ওই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর তিনি মারা যান।
ঘটনার ছয় দিন পর ২০০৬ সালের ৪ জানুয়ারি হাসেন আলীর স্ত্রী শামছুন্নাহার বেগম বাদী হয়ে মো. মফিজ খাকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।

রাষ্ট্রপ‌ক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আজম খা ও আসামিপক্ষে ছিলেন শামসুদ্দিন আহম্মেদ।