জেলা পরিবহন বাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার থেকে নেত্রকোনার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ উঠেছে, বর্তমান কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের যোগসাজশে অবৈধ আহ্বায়ক কমিটি গঠন নিয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
জেলা পরিবহন বাস মালিক সমিতি সূত্র জানায়, জেলা পরিবহন বাস মালিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ ২০১৬ সালের ৩০ মার্চ পর্যন্ত থাকলেও সম্প্রতি একটি প্রভাবশালী মহল নিজেদের পছন্দের লোক দিয়ে ৫৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে। এর পরিপ্রেক্ষিতে জেলা পরিবহন বাস মালিক সমিতি কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে নেত্রকোনার সঙ্গে রাজধানী শহর ঢাকা, বাণিজ্যিক শহর চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের সঙ্গে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা পরিবহন বাস মালিক সমিতি কর্তৃপক্ষের অভিযোগ বর্তমান কমিটির মেয়াদ আরও দুই বছর থাকলেও সম্পূর্ণ অবৈধভাবে বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আহ্বায়ক কমিটিতে যাঁদের সদস্য করা তাঁদের মধ্যে অন্তত ৪৫ জনেরই কোনো গাড়ি নেই।
নেত্রকোনা জেলা পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, ‘সম্পূর্ণ অবৈধভাবে ও গাড়িবিহীন পছন্দের লোকদের নেতৃত্বে জেলা পরিবহন বাস মালিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিরও কোনো অনুমোদন নেই।’
নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার প্রথম আলোকে বলেন, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। আলাপ-আলোচনা চলছে। শিগগির এর সমাধান হয়ে যাবে।