নেত্রকোনায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের দায়ে আবদুস সাত্তার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ধর্ষণের শিকার ওই ছাত্রীর গর্ভজাত শিশুর বাবা হিসেবেও সাত্তারকে সাব্যস্ত করেন আদালত।
গত রোববার বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১২ মে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী পুঁটিমারি বাজারে যাওয়ার পথে অপহৃত হয়। একই উপজেলার পলাশগড়া গ্রামের বাসিন্দা সাত্তার তাকে অপহরণ করে গাজীপুরে নিয়ে একটি বাসায় আটকে রাখেন এবং ধর্ষণ করেন। এ ঘটনায় ২০ মে ছাত্রীর বাবা বাদী হয়ে সাত্তার ও তাঁর দুই আত্মীয়কে আসামি করে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই বছরের ৭ জুলাই পুলিশ গাজীপুরের ওই বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও সাত্তারকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২০ আগস্ট সাত্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত এই রায় ঘোষণা করেন।
এদিকে, ধর্ষণের শিকার ওই ছাত্রী এক ছেলেশিশুর জন্ম দেয়। বর্তমানে ওই শিশুর বয়স ছয় বছর। আদালত ২১ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত শিশুটির যাবতীয় ব্যয়ভার বহনের জন্য রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন।