নেত্রকোনায় বাজারে নেই টিসিবির পণ্য
রমজান মাস শুরু হওয়ার পর থেকে নেত্রকোনার কোথাও টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হতে দেখা যায়নি। অথচ সরকার রমজান ও ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সারা দেশে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।
পণ্য বিক্রি না করার বিষয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলাররা জানান, টিসিবি যে দামে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে, তার চেয়ে কম দামে বাজারে পণ্য পাওয়া যাচ্ছে। এ কারণে ক্রেতাদের আগ্রহ না থাকায় তাঁরা পণ্য বিক্রি করছেন না। তবে ডিলারদের এ বক্তব্য নাকচ করে দিয়ে ক্রেতারা বলেছেন, টিসিবি বিক্রি না করায় তাঁদের বাইরে থেকে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে।
পৌরসভার কয়েকজন বাসিন্দা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা সূত্রে জানা গেছে, এ বছর নেত্রকোনায় মেসার্স সাখাওয়াত হোসেন খান ও হক এন্টারপ্রাইজ নামে দুই ব্যবসাপ্রতিষ্ঠান টিসিবির ডিলারশিপ পেয়েছে। প্রতিষ্ঠান দুটির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শহরের কোর্ট মোড়ে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করার কথা।
নির্ধারিত স্থান থেকে একজন ক্রেতা প্রতিদিন প্রতি কেজি চিনি ৩৭ টাকা, মসুর ডাল ১০৩, প্রতি লিটার তেল (ফ্রেশ) ৮৮, খেজুর ৮০ ও ছোলা ৫৩ টাকায় কিনতে পারবেন। কিন্তু ডিলারদের দুটি নির্ধারিত স্থানের কোথাও মালামাল বিক্রি করতে দেখা যায়নি।
মেসার্স সাখাওয়াত হোসেন খানের মালিক গত রোববার বলেন, ‘বরাদ্দ আছে ঠিকই, কিন্তু গুদামে একমাত্র চিনি ও তেল ছাড়া আর কোনো মাল নেই। চিনি ও তেল বর্তমানে বাইরের বাজারে যে দামে বিক্রি হচ্ছে, তা টিসিবির নির্ধারিত মূল্যের প্রায় সমান। তাই টিসিবির নির্ধারিত দামে মাল বিক্রি করলে ক্রেতারা তা কিনতে আগ্রহ হারাবেন।’ তবে বাজার ঘুরে তাঁর কথার সত্যতা পাওয়া যায়নি।
রোববার বিকেলে নেত্রকোনার মেছুয়া বাজার ও আখড়া বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন মুদির দোকানে প্রতি কেজি চিনি ৩৮ থেকে ৪০ টাকা, মসুর ডাল ১২০ থেকে ১৩০, তেল প্রতি লিটার (ফ্রেশ) ৯৫, খেজুর প্রতি কেজি ১৮০ ও ছোলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ টিসিবির নির্ধারিত মূল্যের চেয়ে এসব পণ্য ১ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে।
শহরের সাতপাই এলাকার বাসিন্দা হানিফ উল্লাহ বলেন, ‘আমরা রমজানের শুরুতে শুনেছিলাম, সরকার টিসিবির মাধ্যমে বাজারে সস্তায় মাল বিক্রি করবে। কিন্তু এখন পর্যন্ত শহরে কোথাও টিসিবির মাল বিক্রি করতে দেখা যায়নি।’
ইসলামপুর এলাকার রিকশাচালক রহমত আলী বলেন, ‘সরকারিভাবে যদি ডাল, চিনি, তেল, খেজুরসহ দরকারি জিনিস কম দামে পাওয়া যেত, তা হলে আমাদের উপকার হতো।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. নূরুজ্জামান বলেন, এ ব্যাপারে নেত্রকোনা জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ভালো বলতে পারবেন।
সংগঠনটির সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, গুদামে পর্যাপ্ত মজুত না থাকায় ডিলাররা টিসিবির পণ্য উত্তোলন করেননি।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, বাজারের পণ্য ও টিসিবির পণ্যের মূল্য প্রায় সমান থাকায় পরিবেশকদের লাভ না হওয়ায় তাঁরা গুদাম থেকে মাল তুলছেন না। গুদামে ডাল ও ছোলা না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ডিলাররা গুদাম থেকে মাল না নেওয়ায় সেগুলো আর ঢাকা থেকে আনা হয়নি।