নেত্রকোনায় মাংস বিক্রেতাদের ধর্মঘট প্রত্যাহার
নেত্রকোনায় স্থানীয় প্রশাসনের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করতে অপারগতা জানিয়ে জেলা শহরের মাংস বিক্রেতারা গত সোমবার থেকে ধর্মঘট শুরু করেছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা তা প্রত্যাহার করেছেন।
স্থানীয় প্রশাসন ও মাংস ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, মাংসের দাম পুনর্নির্ধারণের দাবিতে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা শহরের মাংস বিক্রেতারা। তাঁরা খাসির মাংস প্রতি কেজি ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা এবং গরুর মাংস ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে আসছিল।
নেত্রকোনা পৌর মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, মাংস বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে পরামর্শ করে মাংসের দাম পুনরায় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন খাসির মাংস প্রতি কেজি ৪৭৫ টাকা ও গরুর মাংস ৩২০ টাকা দরে বিক্রি করা হবে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ক্রেতা-বিক্রেতাদের স্বার্থেই বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে।