নেত্রকোনায় মানবাধিকার নাট্যোৎসব
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার নেত্রকোনায় ১৮তম মানবাধিকার নাট্যোৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) জেলা শাখা এ উৎসবের আয়োজন করে।
জাতীয় ও সাংগঠনিক পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কবি কামরুজ্জামান চৌধুরী ও জেলা মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাদক পূরবী কুণ্ডু। এরপর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শরীফ উদ্দিন, ছড়াকার হারুন আল রশীদ, সাংবাদিক আসমা আশরাফ প্রমুখ।
উৎসবে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার নাট্য পরিষদ ও বিদ্যালয় নাট্যদল (বিনাদ) জালিয়াতি, নেশায় ধ্বংস সমাজ, বাবার কান্না, দুর্নীতিসহ পাঁচটি নাটক মঞ্চস্থ করে। এবারের উৎসবে দুর্গাপুরের বিশিষ্ট যাত্রাভিনেতা জাহেদ আলী মংলাকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।