নেত্রকোনায় লরির চাপায় দুই নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার শ্যামগঞ্জ-জারিয়া সড়কের মহিষবেড় নামক স্থানে গতকাল মঙ্গলবার বিকেলে লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাঁরা হলেন পূর্বধলা উপজেলার হাপানিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও মৃত পানজর আলীর স্ত্রী রহিমা আক্তার (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দুই নারী রিকশায় করে গতকাল শ্যামগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে শ্যামগঞ্জগামী বালুবোঝাই একটি লরি রিকশাটিকে ধাক্কা দিলে রিকশাটি সড়কের পাশে খেতে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। রিকশার অপর আরোহী রোপা আক্তার (২০) লাফিয়ে পড়ে রক্ষা পান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। লরিটি পুলিশ আটক করেছে।