নেত্রকোনায় শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টায় মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বারহাট্টাসহ পাঁচ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এদিকে হত্যায় জড়িত সন্দেহে গতকাল পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দুই সদস্য কালাচান ও ফোয়াদ খান বাবুল এবং কালাচানের ছোট ভাই এমদাদুল হক ওরফে হীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে গতকাল দুপুরে বারহাট্টা, কলমাকান্দা, পূর্বধলা, দুর্গাপুর ও মদন উপজেলা সদরে একযোগে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, মানববন্ধন এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে বারহাট্টার কেন্দ্রীয় স্মৃতিসৌধ থেকে মৌন মিছিল বের করা হয়। এরপর থানার সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষকেরা। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম এনামুল হক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাহিদ প্রমুখ। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আসামিদের ফাঁসির দণ্ডসহ পরিচালনা কমিটির অযাচিত হস্তক্ষেপ থেকে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মুক্ত করার দাবি জানান।

সূত্র জানায়, পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের জের ধরে গত বুধবার সকালে মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় জড়িত ও মূল পরিকল্পনাকারী তিনজনকে অভিযোগমূলে গ্রেপ্তার করা হয়েছে।