নেত্রকোনায় শিক্ষক হত্যার বিচারের দাবিতে সমাবেশ
নেত্রকোনার বারহাট্টায় মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে জেলার ১০টি উপজেলার শিক্ষক নেতাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষুব্ধ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির জেলা আহ্বায়ক শাহনাজ পারভিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মমতাজ মহল, শিক্ষক নেতা রহুল আমীন, সাইদুর রহমান প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের জের ধরে কয়েক দুর্বৃত্ত গত বুধবার সকালে মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে স্কুলে যাওয়ার সময় রাস্তায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই দিনই অভিযোগমূলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দুই সদস্যসহ তিনজনকে আটক করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী মায়া রানী বিশ্বাস বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।