নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৬৫) ও শহীদ মিয়া (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে গিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি সদর উপজেলার কুতুপুর গ্রামে এবং শহীদ মিয়ার বাড়ি বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বায়রাউড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সকাল সাড়ে নয়টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সতশ্রী এলাকায় বাসের ধাক্কায় যাত্রীবোঝাই একটি টেম্পো উল্টে যায়। এতে টেম্পোর যাত্রী শহীদ মিয়া নিহত ও কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত আবদুল বারেক, সেলিম মিয়া ও স্বপন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মাসুদুল আলম জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।