নেত্রকোনায় হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আমজাদ হোসেন নামের এক কৃষককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের সাহেব আলী, কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের হাছু ও ফুলপুর গ্রামের জালাল। তাঁদের মধ্যে সাহেব আলী ও হাছু পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি রশিদ ঢালী, মালেক ও বাহার উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে আসামিরা ১৯৯৮ সালের ১২ জানুয়ারি দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. আমজাদ হোসেনকে সোমেশ্বরী নদীর উত্তর পাড়ের নদীর চরে হত্যা করে লাশ ফেলে দেন। পরদিন তাঁর ছেলে কামাল হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।