নেত্রকোনায় হত্যার দায়ে ১৪ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর শংকরপুর গ্রামের আবদুল কুদ্দুসকে হত্যার দায়ে ১৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল সোমবার এ রায় দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার দক্ষিণ নাওধারা গ্রামের মতি মিয়া, লুৎফর রহমান, নুরুল ইসলাম, রেণু মিয়া, হাফিজ উদ্দিন, আবু সাইদ ওরফে আবু সাহেদ, আবদুল বারেক, আবদুল জলিল, হায়দার আলী, সেলিম, আবদুল জব্বার, রমজান আলী, বিল্লাল হোসেন ও মাহাদি। উসমান, সুলতানসহ ১১ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ নাওধারা গ্রামের মন্তাজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের মতি মিয়াদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৪ সালের ১৮ আগস্ট বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মন্তাজ উদ্দিনের জামাতা আবদুল কুদ্দুস নিহত হন।