নেত্রকোনায় ১০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংক এন-এর সহায়তায় গতকাল নেত্রকোনার কলমাকান্দায় শীতার্ত ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংক এন-এর সহায়তায় গতকাল নেত্রকোনার কলমাকান্দায় শীতার্ত ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

নেত্রকোনার কলমাকান্দায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংক এনএর সহায়তায় ছয় গ্রামের ১০০ মানুষকে এসব কম্বল দেওয়া হয়।
এর আগের দিন মঙ্গলবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পারি-এর সদস্যরা কৈলাটি ইউনিয়নের ছয়টি গ্রাম ঘুরে দুস্থ শীতার্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেন। গতকাল সেই তালিকা অনুযায়ী দুস্থ ব্যক্তিদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণের সময় সমাজসেবী মতিউর রহমান তালুকদার, খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি নাগ, আমরাই পারি-এর সভাপতি ওমর ফারুক তালুকদার, সদস্য ফরিদুজ্জামান তালুকদার, ঝন্টু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বামনীকোনা গ্রামের মমতাজ আলী (৬৮) জানান, তাঁদের এ এলাকায় এই প্রথম কেউ কম্বল দিল। কয়েক দিনের শীতে খুব কষ্টে ছিলেন। কম্বল পেয়ে তাঁর খুবই উপকার হয়েছে। তাঁর মতোই আনন্দের অনুভূতি জানালেন বড় পারুয়া গ্রামের এরহানা আক্তার (৫৮)। বলেন, ‘আমরা খুব গরিব মানুষ। শীতের কাপড় না থাকায় কষ্টে থাহি। আইজ একটু আরাম হইব।’
কম্বল পাওয়ার আনন্দে ঘনিচা গ্রামের বৃদ্ধা ফুলেছা আক্তার (৬৫) বলেন, ‘বয়স হয়েছে এখন শীত বেশি লাগে। গরম কাপড় নাই। আগুন জ্বালাইয়া শরীর গরম করি। আইজ কম্বলটা পাওনে রাইতে ভালো ঘুম হইব।’