নেত্রকোনা-কলমাকান্দা সড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নেত্রকোনা-কলমাকান্দা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
এক সপ্তাহ আগে ট্রাকসহ ধসে পড়া ওই সড়কের একটি বেইলি সেতু আজও মেরামত করা হয়নি। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা-কলমাকান্দা সড়কে যান চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস পাশের দুর্গাপুর-বিরিশিরি এলাকা দিয়ে ৫০ কিলোমিটার ঘুরে চলাচল করছে। এতে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। অথচ এখন পর্যন্ত ধসে পড়া বেইলি সেতুটি থেকে ট্রাকটিও তোলা হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার পাবই এলাকায় ঘোমাই খালের ওপর আশারানী নামের একটি বেইলি সেতু আছে। কলমাকান্দা উপজেলার লোকজন ওই সেতুর ওপর দিয়ে বাস, অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন যানবাহনে জেলা শহরে যাতায়াত করে। এ ছাড়া ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ট্রাকে করে এ সেতুর ওপর দিয়ে জেলা সদর ও কলমাকান্দায় আনা-নেওয়া করেন। ২১ নভেম্বর অতিরিক্ত ওজনের ট্রাক ওঠায় সেতুটি ধসে পড়ে যায়। ট্রাকটিও পানিতে পড়ে যায়। এতে সড়কপথে জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার কলমাকান্দা বাজারের ব্যবসায়ী সতীশ চন্দ্র মল্লিক জানান, বেইলি সেতুটি মেরামত না করায় এক সপ্তাহ ধরে সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে তাঁদের পণ্য পরিবহনের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে এবং খরচও বেড়ে গেছে। আগে পণ্য পরিবহনে যেখানে তিন হাজার টাকা লাগত এখন সেখানে পাঁচ হাজার টাকা লাগছে।
নেত্রকোনা জেলা পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, সেতুটি মেরামত না হওয়ায় এ সড়কে সরাসরি জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়িগুলোর চলাচল বন্ধ রয়েছে।
সওজ নেত্রকোনা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, ক্রেনের অভাবে ধসে পড়া বেইলি সেতু থেকে ট্রাকটি তোলা সম্ভব হয়নি। এ কারণে সেতুটি মেরামত করা যায়নি। দু-এক দিনের মধ্যে ট্রাকটি তোলার ব্যবস্থা করা হবে। এরপর সেতুটি মেরামতের কাজ শুরু হবে।