নেত্রকোনা, জামালপুরে ঝড়ে ২৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত
নেত্রকোনার চার উপজেলায় ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার রাতে কালবৈশাখীর আঘাতে প্রায় দুই হাজার ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে।নেত্রকোনার জেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোহনগঞ্জ, বারহাট্টা, খালিয়াজুড়ী ও আটপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে ছেছড়াখালী বাজার, বাখরপুর, মানছিড়ি, বিরামপুর, মোহুরা, ঘুড়াউন, দেওপুর, অতিথপুর, সিদ্দিকপুর, সুনুই গ্রামসহ বিভিন্ন গ্রামে অন্তত দুই হাজার ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়।জেলা প্রশাসক আনিস মাহমুদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বারহাট্টা উপজেলায় এক হাজার ৫০টি, খালিয়াজুড়ীতে ৫০০, মোহনগঞ্জে ৪৫০টি এবং আটপাড়া উপজেলায় ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এ সময় বারহাট্টায় ছয়জন, খালিয়াজুড়ীতে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় তাৎক্ষণিকভাবে চাল ও অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে সুনির্দিষ্ট তথ্য পেলে গৃহনির্মাণসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে।একই রাতে কালবৈশাখীর আঘাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের ১২টি গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও ঘরের নিচে চাপা পড়ে পাঁচজন আহত হয়েছে। উপজেলার পোগলদীঘা ইউনিয়নের মালিপাড়া, বয়ড়া, চকপাড়া, গাছবয়ড়া, বিন্যাফৈর, টাকুরিয়া, মানিকপটল, বামনজানি, গোবিন্দপটল, বগারপাড়, গেন্দারপাড়া, গোবিন্দনগর গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শত শত ফলদ, বনজ গাছপালা বিনষ্ট হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় এবং লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় এসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।ঝড়ের সময় গাছ ভেঙে পড়ায় মালিপাড়া গ্রামের রহিমা বেগম (৫০) নামের এক নারী মাথায় চোট পেয়েছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া মালিপাড়া গ্রামের আহত রেহানা বেগমকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইদুল হক জানান, দুই শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। তিন শতাধিক বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।