নেত্রকোনা অঞ্চলের গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন করে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন করে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয়েছে এই অঞ্চলের আঞ্চলিক গণিত উৎসব ২০১৬। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার।
উৎসবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও ডাচ-বাংলা ব্যাংক, নেত্রকোনার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
উদ্বোধনী পর্বে নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, ‘এটা একটা খুব ভালো উদ্যোগ। গণিতকে সবাই ভয় পায়। এই উৎসবের মাধ্যমে অনেকেরই গণিতের ভয় কেটে যাবে। গণিত আমাদের জীবনেরই একটি অংশ। জীবনের প্রতি পদক্ষেপেই আমাদের হিসেব করে চলতে হয়। গণিতে যার দখল ভালো, সেই জীবনে এগিয়ে যাবে।’
উৎসবে উপস্থিত নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, উৎসবে অংশ নেওয়া আজকের এই শিশুরাই একদিন আন্তর্জাতিক গণিতবিদ হবে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘এই উৎসবের মধ্য দিয়েই আমরা আলোকিত মানুষ হব। আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম। গণিত শিখে তোমরাই ভালো মানুষ হবে। একদিন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমরাই।’
উদ্বোধনী পর্বের পর প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের মূল পর্ব গণিত অলিম্পিয়াড (প্রতিযোগিতা) শুরু হয়। দিনব্যাপী এ উৎসবে থাকছে প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
নেত্রকোনা অঞ্চলের এ উৎসবে জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।