নেত্রকোনা ও চাঁদপুরে দুই ব্যক্তির যাবজ্জীবন
নেত্রকোনায় হত্যার দায়ে খোকন মীর নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
একই দিন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমণী রঞ্জন চাকমা ধর্ষণের দায়ে মনির হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নেত্রকোনায় দণ্ডিত খোকন মীর (৩৫) জেলার মদন উপজেলার আলমশ্রী গ্রামের মৃত হাদিছ মীরের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আইনজীবী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খোকন মীরের বল্লমের আঘাতে একই গ্রামের অহেদ মীর (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সৈয়দ কামাল হোসেন মীর বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ২০০৭ সালের ২২ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে দুই আসামি মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নেত্রকোনার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সুভাষ বণিক অজয় জানান, দণ্ড পাওয়া ব্যক্তি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বাকি ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
চাঁদপুরে দণ্ড পাওয়া মনির হোসেন (২৮) জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর রাতে চরপোয়া গ্রামের একটি মেয়েকে মুখ বেঁধে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন মনির হোসেন।