নেত্রকোনা ও নান্দাইলে সংঘর্ষে আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়ায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধে গতকাল শুক্রবার পৃথক সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। মুখে টর্চলাইটের আলো ফেলা নিয়ে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুরে বাগিবতণ্ডার একপর্যায়ে হামলায় এক নারীসহ দুজন আহত হয়েছেন।
আটপাড়া থানার পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দোওজ ইউনিয়নের ইকরাটিয়া লামাপাড়া ও টানাপাড়া গ্রামের কায়সার ইমরান ও অসিম উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে সকালে কায়সারের ভাই রতনকে অসিমের নেতৃত্বে সাত-আটজন তাঁকে কুপিয়ে জখম করে। রতনকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাই সঞ্জু মিয়াও আহত হন। এরপর দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই ইউনিয়নের কৈলং গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে কামাল ও রুবেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে আবু সাইদের ছেলে মাহবুবুর রহমানের মুখে টর্চের আলো ফেলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৬)। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হলে আশপাশের লোকজন তাদের শান্ত করেন। কিন্তু কিছুক্ষণ পর সাদ্দাম তার দলবল নিয়ে মাহবুবের বাড়িঘরে হামলা চালায়। এ সময় মাহবুবুরের মা মাহমুদা আক্তার ঘর থেকে বের হলে হামলাকারীরা তাকে মারধর করে। মাকে বাঁচাতে গিয়ে মাহবুবুরও হামলার শিকার হন। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।