নেত্রকোনা-কলমাকান্দা সড়কে যান চলাচল বন্ধ সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-কলমাকান্দা সড়কে একটি বেইলি সেতু মালবোঝাই ট্রাক নিয়ে ধসে পড়ায় এক সপ্তাহ ধরে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। সওজ বিভাগ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ২০ এপ্রিল রাত নয়টার দিকে ২০ টন কয়লাবোঝাই একটি ট্রাক সড়কের গুমাই এলাকার বেইলি সেতুটি নিয়ে পানিতে ধসে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ (সওজ) ঠাকুরাকোনা শাখার উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার দে জানান, এ ঘটনায় অতিরিক্ত মালবোঝাইকারী সংশ্লিষ্ট অজ্ঞাত ট্রাকচালককে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।নেত্রকোনা (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুল হোসেন বলেন, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক চলাচলের কারণে এর আগে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের দয়ালবাড়ি বেইলি সেতুসহ জেলার আরও কয়েকটি সেতু ধসে পড়ে। সর্বশেষ ধসে পড়া গুমাই বেইলি সেতুটি পুনরায় স্থাপনের জন্য ঢাকা থেকে আসা একটি বিশেষজ্ঞ দল গত মঙ্গলবার থেকে কাজ করছে।