নেত্রকোনা প্রধান ডাকঘরে গ্রাহক হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তিনি গ্রাহকদের হয়রানি করছেন বলে জানা গেছে। সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি ২০০৭ সালে নেত্রকোনা প্রধান ডাকঘর থেকে দুই লাখ টাকার পেনশনার সঞ্চয়পত্র কেনেন। প্রতি তিন মাস পর মুনাফা তোলার কথা। তিন মাস আগে পাঁচ বছর মেয়াদের সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়। কিন্তু তাঁকে আবার নতুন করে সঞ্চয়পত্র ক্রয়ের সুযোগ দেওয়া হয়নি। এতে তিনি মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন। হাবিবুর আরও বলেন, উৎকোচের দাবিতে তাঁকে হয়রানি করা হচ্ছে। গত সোমবার ডাকঘরে গেলে কয়েকজন কর্মচারী তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। গ্রাহক হয়রানির অভিযোগ অস্বীকার করে নেত্রকোনা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার আবুল মনসুর বলেন, হাবিবুর রহমান অফিসে কয়েক দিন ঘুরেছেন। তাঁকে বিধি মোতবেক কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি কর্মচারীদের গালাগাল করেছেন।