নেত্রকোনা-রামপুর সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা-রামপুর সড়ক সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মদনপুর ও বোর্ডবাজারে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মদনপুর শাহ সুলতানের মাজারের সামনে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এবং সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই সড়কের বোর্ডবাজারে মানববন্ধন করা হয়। এই কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান, সদস্যসচিব মো. হারুন অর রশিদ তালুকদার, সাজিউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের বেশ কয়েকটি স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এই সড়কটিসহ জেলার সব কটি সড়ক শিগগির সংস্কার করতে হবে। নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।