নেত্রকোনা শহরে নেই শিশুপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের চিত্তবিনোদনের জন্য নেত্রকোনা পৌর শহরে কোনো পার্ক নেই। দীর্ঘদিন ধরে শহরের বাসিন্দারা শিশুপার্কের দাবি জানিয়ে আসছেন। কিন্তু পার্ক আর হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ বলছে, উপযুক্ত জায়গা মিলছে না।
পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, শহরে ২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৬টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার শিশুশিক্ষার্থী রয়েছে। এই শিশুরা বিদ্যালয়ে বিনোদনের তেমন সুযোগ পায় না। শহরেও নেই কোনো শিশু বিনোদনকেন্দ্র। এ কারণে শিশুশিক্ষার্থীরা ঘরে বসে অলস সময় পার করছে। এতে তাদের বুদ্ধিবৃত্তির সুষ্ঠু বিকাশ ঘটছে না।
শিশুদের নিয়ে কাজ করে, এমন স্থানীয় একটি উন্নয়ন সংগঠনের কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, ‘শিশুদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন চিত্তবিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ। কিন্তু আমাদের শহরে একেবারেই এ সুযোগ নেই। নেই কোনো খেলার মাঠ। দরজাবদ্ধ ঘর আর পাখির খাঁচার মতো কিন্ডারগার্টেন এখন শিশুদের ঠিকানা। এ শহরে শিগগির একটি শিশুপার্ক দরকার।’
জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, ‘আমাদের এ জেলা শহর ছোট্ট, কিন্তু সুন্দর। এর ভেতর দিয়ে বয়ে গেছে মগড়া নদী। শহরটি বেশ শান্ত আর সুন্দর। শিশুদের বিনোদনের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। একটি শিশুপার্ক জরুরি। বিশেষ করে নদীর তীরে কোনো পার্ক হলে শিশুরা প্রকৃতির সান্নিধ্য লাভ করবে। সেখানে আনন্দময় সময় কাটিয়ে বেড়ে উঠবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শহরে একটি শিশুপার্ক নির্মাণের আশ্বাস দেওয়া হয়। এমনকি প্রতিবছর পৌর বাজেটেও শিশুপার্কের জন্য বরাদ্দ ধরা হয়। কিন্তু বাস্তবায়ন আর হয়নি। একটি পার্ক থাকলে শিশু থেকে তরুণ-তরুণীরা বিপথগামী হওয়া থেকে অনেকটাই রক্ষা পায়।
নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সদস্যসচিব মো. হারুণ-অর রশিদ বলেন, ‘দেশের বিভিন্ন জেলার সার্বিক উন্নয়ন হলেও আমাদের জেলাটি বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে। স্বাধীনতার এত বছর চলে গেলেও একটি জেলা শহরে শিশুপার্ক নেই, তা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছি। আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে সুদৃষ্টি দেবেন।’
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নজরুল ইসলাম ফকির বলেন, শিশুর মানসিক বিকাশ ঘটতে হলে প্রথমেই দরকার তার উপযুক্ত বিনোদন ও আনন্দময় পরিবেশ। এই শহরে একটি শিশুপার্ক স্থাপন করা অতি জরুরি।
পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান বলেন, পৌর শহরে একটি শিশুপার্ক স্থাপনের জন্য কয়েকবার পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু অনুকূল পরিবেশ ও উপযুক্ত জায়গা পাওয়া যায়নি। জায়গা পেলে শিশুপার্ক করা সম্ভব।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, জেলা শহরে একটি শিশুপার্ক স্থাপনের জন্য জায়গা খোঁজা হচ্ছে। শিগগিরই তার ব্যবস্থা করা হবে।