নেত্রকোনা শহরে সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে ​সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টি হলেই পানি জমে থাকে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে যান চলাচল করছে l ছবি: প্রথম আলো
নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে ​সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টি হলেই পানি জমে থাকে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে যান চলাচল করছে l ছবি: প্রথম আলো

নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের স্থানে স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছোট-বড় অনেক গর্তে বৃষ্টি হলেই পানি জমে। এতে যান চলাচল, এমনকি পৌরবাসীর হেঁটে চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) ও পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কের কেন্দুয়া-মদন বাসস্টেশন থেকে মোহনগঞ্জ-কলমাকান্দা বাসস্টেশন পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের অবস্থা খুবই নাজুক। এর মধ্যে ছোট বাজার বিএনপি কার্যালয়ের সামনে, যমুনা ব্যাংকের সামনে, তেরিবাজার ব্র্যাক ব্যাংকের সামনে ও গরুর হাট্টা ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলের কাছে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তেরিবাজার ব্র্যাক ব্যাংকের সামনে সড়কের গর্ত প্রায় ১০ ফুট লম্বা ও এক ফুট গভীর। ঠেলাগাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, বাস, ট্রাকসহ অন্যান্য যান মাঝেমধ্যেই এসব গর্তে আটকা পড়ে। এ ছাড়া শহরের মোক্তারপাড়া এলাকায় সরকারি বালিকা বিদ্যালয়, মেছুয়াবাজার পৌর সুপার মার্কেট, ছোটবাজার সোনালি পেপার হাউস, তেরিবাজার মোড়, আখড়ার মোড় ও রাজুর বাজার বাসস্টেশন পর্যন্ত সড়কের স্থানে স্থানে এক থেকে দুই ফুট পর পর ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বারহাট্টা রোড এলাকায় একটি ট্রাক গর্তে আটকে পড়ে। ট্রাকটির চালক সুনামগঞ্জের ধরমপাশার রমিজ মিয়া বলেন, এ গর্তগুলো অনেক দিন আগেই সৃষ্টি হয়েছে। মেরামত করে না কেউ।
শহরের কাটলি এলাকার রিকশাচালক আমজাদ মিয়া বলেন, ‘তা ধরেন ১৮ বছর ধইরা এই শহরে রিকশা চালাই। মেইন সড়কের এমন দশা আর কোনো সময় দেহি নাই। বেশির ভাগ জায়গায় পিচ উঠটা গেছে, কাদা জমছে। মধ্যে মধ্যে একটু বালু-সুরকি ফালায়। দুই দিন পর আবার উইঠ্যা যায়। বালা কইরা এই রাস্তা কেউ ঠিক করে না।’
নেত্রকোনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র মো. নীরব হক, সম্মান শেষ বর্ষের ছাত্র লিটন মিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, ছোট্ট এ শহর। এর প্রধান সড়কের গর্তে গাড়ি আটকে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এতে তাঁদের প্রায়ই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেরি হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের জেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান বলেন, শহরের প্রধান সড়কটিতে হেঁটে চলাচল করাই এখন কষ্টকর হয়ে গেছে। কাদা ছিটকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের পোশাক প্রায়ই নষ্ট হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান বলেন, সড়কটি সওজের। তারা এটি সংস্কার করতে না পারলে পৌরসভাকে হস্তান্তর করতে বলা হয়েছে। এ নিয়ে সওজের কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলা হবে।
সওজের নেত্রকোনা কার্যালয়ের সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, সড়কটি এখন নতুন করে সংস্কার করা প্রয়োজন। গত মাসের শেষ দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে নেত্রকোনার রাজুরবাজার পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়ক উভয় দিকে ৬ ফুট করে প্রশস্তকরণসহ ২০৬ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।