নেত্রকোনা শহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সড়কের স্থানে স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত। একটু বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে যায়। এতে বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও সড়ক ব্যবহারকারী লোকজনকে ভোগান্তির শিকার হতে হয়।
পৌরসভার কয়েকজন বাসিন্দা, সড়ক ও জনপথ (সওজ) ও পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধান সড়কটির কেন্দুয়া-মদন বাসস্টেশন থেকে কলমাকান্দা-মোহনগঞ্জ বাসস্টেশন পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের অবস্থা খুবই বেহাল। এর মধ্যে কুড়পাড় এলাকায় তিতাস গ্যাস কার্যালয়ের সামনে, পুলিশ লাইনের মোড়ে ও মিজান টেইলার্সের সামনের সড়কের তিনটি জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গ্যাস কার্যালয়ের সামনের সড়কে গর্ত প্রায় ১২ ফুট লম্বা ও এক ফুটের গভীর। এই সড়কের নিচে ও দুই পাশে নর্দমার ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই গর্তগুলোয় পানি জমে যায়। রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, মোটরসাইকেল, বিদ্যুৎ ও সিএনজিচালিত অটোরিকশা, বাস, মালবোঝাই ট্রাক, পিকআপ, লরিসহ অন্যান্য যানবাহন মাঝেমধ্যে এসব গর্তে আটকা পড়ে। যানবাহনের চাকা গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া শহরের মোক্তারপাড়া এলাকায় দত্ত উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেছুয়া বাজার পৌর সুপার মার্কেটের সামনে, ছোট বাজার যমুনা ও ইসলামী ব্যাংকের সামনের সড়কে বিভিন্ন স্থানে এক থেকে তিন ফুট পরপর অসংখ্য ছোট-বড় গর্ত।
পৌরসভার কয়েকজন বাসিন্দা জানান, রাস্তার বেহাল দশার কারণে এই সড়কে প্রায়ই যানজট লেগে থাকে। অথচ এখান দিয়েই জেলার সব উপজেলাসহ ঢাকা-ময়মনসিংহ ও সুনামগঞ্জের যানবাহন চলাচল করে।
গতকাল বুধবার দুপুরের কুড়পাড় এলাকায় গর্তে আটকে পড়া কিশোরগঞ্জের মাইক্রোবাসচালক ইসলাম উদ্দিন (২৮) বলেন, এই গর্তগুলো অনেক দিন ধরেই সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কেউ এর মেরামত করছে না। কুড়পাড় এলাকায় কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, প্রায় চার মাসের মতো হলো সড়কের পিচ উঠে গেছে। ফলে এলাকাবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আঞ্জুমান সরকারি আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহী (১১), কলেজপড়ুয়া মো. এরশাদ মিয়া, সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী নীড় মজুমদারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, সড়কের গর্তে গাড়ি আটকে থেকে সব সময়ই জট লেগে থাকে। অনেক সময় স্কুল-কলেজে যেতে দেরি হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, ‘রাস্তার বেহাল দশায় প্রধান এ সড়কটিতে যানবাহন চলাচল করা তো দূরের কথা হেঁটে চলাই কষ্টকর। এ বিষয়ে সওজের কোনো পদক্ষেপ নেই।
পৌর মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, ‘সড়কটি সওজের। কুড়পাড় এলাকার রাস্তায় দেড় কোটি টাকার নর্দমা (ড্রেন) করা হয়েছে। বাকি রাস্তার নর্দমার জন্য কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।’
সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘গত ৫ জুন থেকে প্রায় দেড় মাস টানা বৃষ্টি থাকায় সড়কের গর্তগুলো মেরামত করা সম্ভব হয়নি। কুড়পাড় এলাকার তিন-চারটি জায়গার গর্তগুলোতে খোয়া ও বালু ফেলার সিদ্ধান্ত হয়েছে। বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। ছোট বাজার এলাকার কিছু অংশ গত রোববার রাতে ভরাট করা হয়েছে। তবে বৃষ্টি থাকায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’