নেত্রকোনায় অ্যাসিড মামলায় পাঁচজনের যাবজ্জীবন
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দুই মেয়েসহ মাকে অ্যাসিডে ঝলসে দেওয়ার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নেত্রকোনার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (৩০), মানিক মিয়া (২২), রুক্কু মিয়া (২৫), জামাল হোসেন (৬০) ও বুরুজ আলী (৩৫)।
রায়ের বিবরণে বলা হয়, জেলার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তারের (২৮) সঙ্গে একই গ্রামের বাচ্চু মিয়ার পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন থেকে। এ বিষয়ে গ্রাম্য সালিসে বাচ্চু মিয়ার লোকজন শিউলী ও তাঁর পরিবারকে ছয় মাসের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শিউলী পরিবার-পরিজন নিয়ে এলাকা ছাড়েননি। এতে ক্ষুব্ধ হয়ে বাচ্চু ও তাঁর সহযোগীরা ২০০৭ সালের ১৯ মে গভীর রাতে বসতঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে অ্যাসিড দিয়ে শিউলী ও তাঁর দুই মেয়ে ইতি (৯) ও সাথীর (৭) শরীর ঝলসে দেয়। শিউলী আক্তার বাদী হয়ে বাচ্চু মিয়াসহ পাঁচজনকে আসামি করে ২৬ মে দুর্গাপুর থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছর ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে পুলিশ। গতকাল নেত্রকোনার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারকের সামনে আসামিদের হাজির করা হয়। তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।