নেত্রকোনায় ঝড়ে দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১
নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় গত শুক্রবার রাতে ঝড়ে প্রায় দেড় হাজার কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে গেছে।
এ সময় বসতঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধা নিহত এবং নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। ঝড়ের পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি, মৌগাতি, মেদনি ও সিংহের বাংলা এবং বারহাট্টার ঠাকরোকোনা ও রায়পুর ইউনিয়নের ১৫টি গ্রামে ঝড় প্রচণ্ড বেগে আঘাত হানে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের বাশাটি, পাটলি, হাতকুণ্ডলী, গলুহা, চন্দ্রকোনা, নাড়িয়াপাড়া, কুমারপুর, মৌগাতি ইউনিয়নের নিশ্চিন্তপুর, ঠাকুরোকোনা ইউনিয়নের বেতাটি এবং বারহাট্টার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার, চল্লিশকাহনিয়া, চরপাড়া ও চন্দ্রপুর গ্রাম।
ঝড়ের সময় বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে বাশাটি গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী উকিলের নেছা (৯০) নিহত হন। এ ছাড়া ওই ছয়টি ইউনিয়নের নারী-শিশুসহ আরও অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে অনেকেই স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা ভর্তি রয়েছেন।
এদিকে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তারি কাদেরী ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত উকিলের নেছার পরিবারকে ১৫ হাজার ও গুরুতর আহত হাতকুণ্ডলি গ্রামের ইন্নছ আলীকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
হাতকুণ্ডলী গ্রামের সালাম মিয়া (৩৭) বলেন, ‘আমার সব শেষ হইয়া গেছে। তিনটি ঘর আছিল, তুফানে সবটি উড়াইয়া লইয়া গেছে। বৌ-আবুদুব (বাচ্চা) লইয়া অহন কই থাকবাম বুঝতে পারতাছি না।’
রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারের ব্যবসায়ী ফরিদুজ্জামান তালুকদার বলেন, ‘আশপাশের এলাকা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আমার দোকানের ঘরটি কয়েক মাস হয়েছে নতুন তুলেছিলাম। সবকিছু শেষ হয়ে গেছে।’
কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খান বলেন, ঝড়ে গ্রামগুলোর অধিকাংশ ঘরসহ গাছপালা ও বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। দুটি বিদ্যালয় ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে আছে। এ মুহূর্তে সরকারি সাহায্য ছাড়া এদের আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, ঝড়ে সদর উপজেলার গলুয়া, সাঁথিয়া, বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু তাহের জানান, আর এক দিনের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে।
সদর উপজেলার ইউএনও মুস্তারি কাদেরী বলেন, ‘আমি কয়েকটি গ্রাম ঘুরে এসেছি। ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে বলা যাবে না। তবে ঝড়ে দেড় হাজারের বেশি ঘরবাড়ি নষ্ট হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণের পরামর্শ দিয়েছি।’
এ ব্যাপারে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।