নেত্রকোনায় ডায়রিয়ায় একজনের মৃত্যু
নেত্রকোনার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই সপ্তাহে নারী ও শিশুসহ সহস্রাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ডায়রিয়ায় এ পর্যন্ত একজন নারী মারা গেছে। অতিরিক্ত রোগীর কারণে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বারান্দার মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মাসের শেষ সপ্তাহ থেকে জেলা শহর ও আশপাশের এলাকা এবং উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। পর্যায়ক্রমে তা শহরের চকপাড়া, মহেন্দ্রপুর, পুকুরিয়া, সাতপাই, শহরসংলগ্ন রূপচন্দ্রপুর, ইসলামপুর এবং জামা আটি, বিছরাকান্দা ও রাজেন্দ্রপুর গ্রামে ছড়িয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় ৮০ জন, সাত দিনে ৩৫৪ জন, ৩০ দিনে ৯৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিছরাকান্দা গ্রামের আবু হোসেন জানান, ডায়রিয়ায় তিনিসহ তাঁর পরিবারের সাতজন একসঙ্গে আক্রান্ত হন। এর মধ্যে তাঁর স্ত্রী রুক্কুমা আক্তার (৪০) গত শনিবার দিবাগত রাতে মারা গেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল তালুকদার জানান, এ এলাকায় গত পাঁচ-সাত বছরে এ ধরনের প্রাদুর্ভাব দেখা যায়নি।