নেত্রকোনায় ডায়রিয়ায় চারজনের মৃত্যু
নেত্রকোনা সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। গত কয়েক দিনে আরও তিনজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া দুই সপ্তাহে নারী-শিশুসহ সহস্রাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের সাতপাই, চকপাড়া, পুকুরিয়াসহ অন্যান্য এলাকায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত বুধবার সকাল আট থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত রোগীর কারণে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বারান্দার মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা শহরের নাগড়ার হাফিজ উদ্দিন (৩৫) গত বুধবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে তিনি মারা যান। এ ছাড়া গত কয়েক দিনে সদর উপজেলার সাজিউড়া গ্রামের সুফিয়া আক্তার (৮০), রাজেন্দ্রপুর গ্রামের সুফিয়া বেগম (৭৫), বিছরাকান্দা গ্রামের রুকমা খাতুন (৪০) মারা গেছেন। হাসপাতালের আরএমও নীলোৎপল তালুকদার বলেন, এ এলাকায় গত পাঁচ-সাত বছরে এ ধরনের প্রাদুর্ভাব দেখা যায়নি।