নেত্রকোনায় দম্পতি হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
নেত্রকোনার দুর্গাপুরে দম্পতি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই তিন আসামি হলেন নিহত ব্যবসায়ী অরুণ সাহার দোকানের কর্মচারী ঝন্টু সাহা (৪০), বাসার তত্ত্বাবধায়ক টাঙ্গাইলের গাজীপুর গ্রামের গোবিন্দ সাহা (৬০) ও তাঁর ছেলে অপু সাহা (২৮)।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে দুর্গাপুর থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুর্গাপুর জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিন করে রিমান্ড চান। আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার মধ্যবাজার এলাকায় নিজ বাসায় অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহা (৬৫) খুন হন। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘নেত্রকোনায় স্ত্রীসহ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত সোমবার সকালে নিহত ব্যক্তিদ্বয়ের বড় ছেলে সুজিত কুমার সাহা দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার থেকে রোববার বিকেল পর্যন্ত ১০ জনকে আটক করে। এঁদের মধ্যে ওই তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত চলছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ড চাওয়া হয়েছে। বাকি সাতজনকে নজরদারিতে রাখা হয়েছে।