নেত্রকোনায় ধানখেতে পোকার আক্রমণ, কৃষক দিশেহারা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধানখেতে ‘রাইস ব্ল্যাক বিটল’ নামের পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকাগুলো ধানগাছ গোড়া থেকে কেটে ফেলছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকার কয়েকজন কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নানীয়া হাওরের ধানখেতে ওই পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সপ্তাহ খানেক আগে গোবিন্দপুর গ্রামের কৃষক ও ইউনিয়ন পরিষদের সদস্য সুবোধ চন্দ্র শীলের (৪৬) একটি খেতের ধানগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে শুকিয়ে আছে। তিনি কাছে গিয়ে দেখেন, কালো রঙের ছোট ছোট পোকায় খেত ভরে আছে। পোকাগুলো খেতের কাঁচা ধানগাছ গোড়া থেকে কেটে ফেলছে। পাশের শ্যামল শীল, পীযূষ চন্দ্র, যতীন্দ্র সরকারসহ অন্যান্য কৃষকের খেতেও এসব পোকা ছড়িয়ে পড়েছে। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য কৃষকেরা স্থানীয় বরইউন্দ ও যাত্রাবাড়ী বাজার থেকে কীটনাশক এনে প্রয়োগ করেন। তাতে কোনো কাজ হয়নি। কৃষকেরা দিশেহারা হয়ে ইউনিয়ন ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।
কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষকেরা বেটা ফ্লোরা, ওরাজেনসহ সাত ধরনের কীটনাশক খেতে প্রয়োগ করেও কোনো ফল পাননি। পরে উপজেলা কৃষি কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিরি) সহযোগিতা চান। গত বৃহস্পতিবার দুপুরে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) মোফাজ্জল হোসেনসহ চার সদস্যের একটি দল মাঠে আসে। ওই দলের সদস্যরা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে রাগবি নামে একটি কীটনাশক প্রয়োগের পরামর্শ দেন।
কৃষক পীযূষ চন্দ্র বলেন, ‘এই পোকা সাত-আট দিনের মধ্যে খেতে ছড়িয়ে পড়ছে ও ধানগাছ কেটে ফেলেছে। আমার সব ধানই পোকায় কেটে ফেলছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘এই পোকা আগে কখনো দেখা যায়নি। গ্রামে ২০ হেক্টরের মতো ইরি ২৮, ২৯ ও ৫৮ প্রজাতির ধান চাষ করা হয়েছিল। সব ধানগাছ পোকা কেটে ফেলছে। আমি ও উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। পোকার আক্রমণের পর সাত ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো কাজে আসেনি। পরে রাগবি কীটনাশক প্রয়োগ করায় কিছুটা কাজে এসেছে। পোকার আক্রমণের সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে বিরির মহাপরিচালক মহোদয়ের পরামর্শ চেয়েছি।’
এ ব্যাপারে মোফাজ্জল হোসেন বলেন, ‘কিছু পোকা নিয়ে পরীক্ষা করে দেখেছি, এগুলো শুষ্ক স্থানে থাকতে পছন্দ করে। অরগানো ফসফরাস গ্রুপের ওষুধে এরা মারা যায়। ধানখেতে পানির সঙ্গে কীটনাশক ব্যবহার করলে কিছু ফসল রক্ষা পেত।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সমীর কুমার সরকার জানান, রাইস ব্ল্যাক বিটল শান্ত স্বভাবের পোকা। যেখানে পানির ব্যবস্থা নেই, এরা সাধারণত সেখানে থাকে।