নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল শুক্রবার তাঁকে নানাভাবে স্মরণ করেছেন নেত্রকোনার মানুষ।
সকালে হুমায়ূন আহমেদ সঞ্চৃতি সংসদের উদ্যোগে জেলা প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। কবি আল আজাদের সভাপতিত্বে ও তানভীর জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হুমায়ূন আহমেদের জীবন, কর্ম ও সাহিত্য নিয়ে আলোচনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সানাওয়ার হোসেন ভূঁইয়া, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান ও নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক মো. মোখলেছুর রহমান।
হুমায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোনার মোহনগঞ্জে মামার বাড়িতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাল্যদান, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
বেলা ১১টায় মোহনগঞ্জ প্রদীপন সাধারণ পাঠাগারের উদ্যোগে মোহনগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে প্রদীপন সাধারণ পাঠাগারের সহসভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হুমায়ূন আহমেদের ছোট মামা পৌর মেয়র মো. মাহবুবুন্নবী শেখ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন।
এদিকে হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল দিনভর নানা কর্মসূচি পালিত হয়। হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠ ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। সকালে শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের সঙ্গে হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদও অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল কালো ব্যাজ ধারণ করে। বিকেলে শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা হুমায়ূন আহমেদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনা করে এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
ময়মনসিংহে আলোচনা সভা: ময়মনসিংহ অফিস জানায়, হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা হয়েছে। শহরের কাছারিঘাটে ‘হিমু আড্ডা’ নামের রেস্তোরাঁয় ‘হিমু আড্ডা’ ও আনন্দ মোহন কলেজের বাংলা নাটাঙ্গনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বরেণ্য এই কথাসাহিত্যিকের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আফজালুর রহমান। কবি স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি ইয়াজদানী কোরায়শী, কবি শামীম সিদ্দিকি ও কবি মোস্তফা তারেক।