নেত্রকোনায় পাঁচজনের যাবজ্জীবন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাবই গ্রামের আবদুল আজিজ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া মামলার অপর তিন আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
গতকাল বুধবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন পাবই গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪০) ও মৃত রইছ উদ্দীনের ছেলে উজ্জ্বল মিয়া (২৩), হেলাল মিয়া (৪০), রব্বানী (৪৫) ও মেয়ে রেহেনা বেগম ওরফে রীনা (৪৭)। এক বছর দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আবদুল হামিদের স্ত্রী রাশিদা বেগম, হেলাল উদ্দীনের স্ত্রী রওশনারা বেগম ও আবাল হোসেনের মেয়ে নাদিয়া বেগম। তাঁদের মধ্যে উজ্জ্বল মিয়া ও রব্বানী পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, নিহত আবদুল আজিজের সঙ্গে একই গ্রামের আবদুল হামিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে আবদুল হামিদ তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির আইল ভাঙছিলেন।
খবর পেয়ে আবদুল আজিজ এসে বাধা দিলে আসামিরা তাঁকে পিটিয়ে জখম করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিনই তাঁর স্ত্রী মোছা. জাহানারা বাদী হয়ে আটজনকে আসামি করে এ ব্যাপারে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।