নেত্রকোনায় বন্ধুসভার মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। প্রথম আলোর নেত্রকোনা বন্ধুসভা ও বিভিন্ন সংগঠন শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল বেলা ১১টার দিকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এরপর প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা বন্ধুসভার উপদেষ্টা সাইফুল্লাহ এমরান, সদস্য মুর্শেদ ইকবাল ও তাপস সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল, নারীনেত্রী কোহিনুর বেগম, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সম্পাদক নাঈম সুলতানা, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, সুজনের জেলা সভাপতি শ্যামলেন্দু পাল, রেড ক্রিসেন্টের জেলা সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রিপার বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সতরশ্রী গ্রামে। সমাবেশে আসা রিতার বাবা সাধন পণ্ডিত বলেন, তাঁর একমাত্র মেয়ে রিপা এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। তাঁর মুখ, গলা ও জিব পুড়ে গেছে। তাঁকে স্যালাইন দিয়ে রাখা হচ্ছে। টাকার অভাবে তিনি রিপার চিকিৎসাও ভালোভাবে চালিয়ে যেতে পারছেন না।
গত ২৬ জুলাই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের রিপা রানী পণ্ডিতকে (২৩) তাঁর স্বামী রতন পণ্ডিত ও শ্বশুর-শাশুড়ি অ্যাসিড পান করিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রিপার বাবা পাঁচজনকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা করেন। রিপার শ্বশুর রবি পণ্ডিত ও মামাশ্বশুর বিনোদ পণ্ডিতকে আটক করেছে পুলিশ। অন্যরা পলাতক আছেন।
এ নিয়ে প্রথম আলোতে ১ আগস্ট ‘অ্যাসিড খাইয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।