নেত্রকোনায় মাংস বিক্রেতাদের ধর্মঘট
স্থানীয় প্রশাসনের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করতে অপারগতা জানিয়ে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা শহরের মাংস বিক্রেতারা। তাঁরা মাংসের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও মাংস বিক্রেতা সূত্রে জানা গেছে, বর্তমানে শহরে ১৪ জন মাংস বিক্রেতা রয়েছেন। তাঁরা খাসির মাংস প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা এবং গরুর মাংস ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে আসছেন। কিন্তু গত সোমবার থেকে স্থানীয় প্রশাসন শহরে গরুর মাংসের দাম কেজিপ্রতি ২৮০ টাকা এবং খাসির মাংস ৩৫০ টাকা নির্ধারণ করে দেয়।
শহরের বড় বাজার এলাকার খাসির মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়া বলেন, প্রশাসনের বেঁধে দেওয়া দামে খাসির মাংস বিক্রি করলে কেজিপ্রতি ১০০ টাকারও বেশি লোকসান গুনতে হবে।
মোক্তারপাড়া এলাকার গরুর মাংস বিক্রেতা রবিউল আওয়াল বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করেই দাম বেঁধে দেয়। এ দামে মাংস বিক্রি করলে আমাদের ব্যাপক লোকসান গুনতে হবে।’
নেত্রকোনা পৌরসভা মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, ‘মাংস বিক্রেতারা আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করে নিজের খেয়ালখুশিমতো ক্রেতাদের কাছ থেকে দাম রাখছেন। এতে বেশ কিছু ক্রেতা অভিযোগ করলে দাম বেঁধে দেওয়া হয়। বিক্রেতাদের লোকসান হলে আবার তাঁদের সঙ্গে পরামর্শ করে পুনরায় দাম নির্ধারণ করা হবে।’
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, ‘বেশ কিছু ক্রেতা আমার কাছে অভিযোগ করেছেন, বিক্রেতারা মাংস বেশি দামে বিক্রি করছেন। গত ভোক্তা অধিকার সংরক্ষণ সভায় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে পরামর্শ করে দাম নির্ধারণ করতে আমি বাজার কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’