নেত্রকোনায় মেয়ের বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শিশুকন্যাকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করার দায়ে গত রোববার মেয়ের বাবাকে সূর্যাস্ত পর্যন্ত কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. সাদি উর রহিম জাজিদ।
এলাকার কয়েকজন বাসিন্দা, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১২) সঙ্গে পূর্বধলা উপজেলার ঝাওয়ানী গ্রামের নজরুল মিয়ার ছেলে সুহেল মিয়ার (২৫) বিয়ে ঠিক হয়। খবর পেয়ে গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ অভিযান চালিয়ে ওই মেয়ের বাবাকে (৪৮) আটক করে। তাঁকে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদারের কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। পরে বিষয়টি প্রমাণ হওয়ায় ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ওই সাজা দেন নির্বাহী হাকিম সাদি উর রহিম জাজিদ।
সাদি উর রহিম জাজিদ বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ১৯৯২-এর ৬ ধারায় ওই ছাত্রীর বাবাকে শাস্তি দেওয়া হয়েছে।