নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের আবদুর রশিদকে (২৫) হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চারুলিয়া গ্রামের ছায়েদ আলীর ছেলে বাবুল ও শফিকুল, নবী হোসেনের ছেলে আবদুল মালেক ও চাঁনফর।

আদালত সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের আবদুর রশিদের সঙ্গে তাঁর চাচাতো ভাই বাবুলের আগে থেকেই শত্রুতা চলছিল। ২০০১ সালের ১৩ মে সন্ধ্যা সাড়ে সাতটায় আবদুর রশিদ তাঁর স্ত্রী কামরুন্নাহারকে ঘরে দেখতে না পেয়ে চাচাতো ভাই বাবুলের ঘরে গিয়ে স্ত্রী কোথায় জানতে চান। স্ত্রীর কথা জিজ্ঞাসা করতেই আসামিরা তাঁকে (রশিদ) ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এরপর আসামিরা মুমূর্ষু অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই রশিদের মৃত্যু হয়। পরে আসামিরা রশিদের মাকে দিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করান। কিন্তু অপমৃত্যু মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা প্রমাণ পান যে ওই আসামিরা রশিদকে হত্যা করেছেন।

এ ব্যাপারে রশিদের স্ত্রী কামরুন্নাহার বাদী হয়ে ২০০১ সালের ৩০ নভেম্বর পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সনের ৭ এপ্রিল সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারকাজ চলাকালে আসামি আবদুল জব্বার মারা যান। বিচারক সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উল্লিখিত রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আজম খান এবং আসামিপক্ষে ছিলেন এমদাদুল হক ও জিয়াউদ্দিন খান।