নেত্রকোনায় হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন
নেত্রকোনার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের তোতা মিয়াকে হত্যার দায়ে শ্বশুরসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রূপচন্দ্রপুর বিছরাকান্দা গ্রামের আবদুল মজিদ, লালু চৌধুরী, দুদু মিয়া ও আবদুর রব ওরফে রফিকুল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, রূপচন্দ্রপুর (পূর্বপাড়া বিছরাকান্দা) গ্রামের আবদুল মজিদ একই গ্রামে তাঁর জামাতা তোতার কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণ করেন। পাওনা টাকা আদায় নিয়ে তোতার সঙ্গে তাঁর শ্বশুরের মনোমালিন্য বেড়ে যায়। ২০০১ সালের ৩০ নভেম্বর তোতা শ্বশুরের কাছে টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন রাতে মজিদ ও তাঁর লোকজন তোতাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান। পরে তাঁরা তোতাকে হত্যা করে নাকুয়া বিলে তাঁর লাশ ফেলে রাখেন। পরদিন পুলিশ ওই বিল থেকে তোতার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তোতার বোন কুলসুম বাদী হয়ে ওই বছরের ৩ ডিসেম্বর মজিদসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ৩১ মে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কমলেশ চৌধুরী। আসামিপক্ষে ছিলে এমদাদুল হক শাহ।