নেত্রকোনায় হত্যার দায়ে মা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্কুলছাত্র প্রীতিষ কুমারকে হত্যার অপরাধে মা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কলমাকান্দার দত্তখিলা গ্রামের জুয়েল ভৌমিক, একই উপজেলার নাগেররগাতি গ্রামের মলয় দত্ত এবং তাঁর মা সুনীতি রানী দত্ত। এঁদের মধ্যে জুয়েল ভৌমিক পলাতক রয়েছে। অভিযোগ প্রামাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি নাগেরগাতি গ্রামের অনিল তালুকদার, শ্যামল ভৌমিক ও বিপ্লব ভৌমিককে বেকসুর খালাস দেওয়া হয়। নিহত প্রীতিষ কুমার (১৩) বড়ইউন্দ গ্রামের জ্যোতিষ চক্রবর্তীর ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, নাগেরগাতি গ্রামের কৃষ্ণধন চক্রবর্তীর বাড়িতে থেকে তাঁর ভাগনে প্রীতিষ কুমার পড়াশোনা করত। ১৯৯৮ সালের ১২ জুলাই বিকেলে একই গ্রামের সনাতন নাসের এক শিশুর সঙ্গে খেলা নিয়ে ঝগড়া হয় প্রীতিষের। এ নিয়ে প্রীতিষের মামি আশা রানী চক্রবর্তীর সঙ্গে সনাতনের মামি সুনীতি রানী দত্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুনীতি প্রীতিষকে মারতে উদ্যত হয়। এ সময় প্রীতিষ দৌড়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে গ্রামের হরিপদের বাড়ির গোয়ালঘরের ধরনায় প্রীতিষের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন কৃষ্ণ চক্রবর্তী কলমাকান্দা থানায় অপমৃত্যু মামলা করেন। মামলার তদন্তে করতে গিয়ে এটি হত্যাকাণ্ড বলে তথ্য-প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় কলমাকান্দা থানার উপপুলিশ কর্মকর্তা (এসআই) মো. আবদুল ওয়াহেদ মিয়া বাদী হয়ে ১১ আগস্ট ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।