নেত্রকোনার কিশোরীর লাশ ময়মনসিংহ মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আবার ময়নাতদন্ত হবে

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় কিশোরী পান্না আক্তারকে (১৪) ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় পুনরায় ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনা গোপন করার অভিযোগ ওঠায় লাশটি দাফনের নয় দিন পর গত বৃহস্পতিবার ঠাকুরাকোনা রেলস্টেশন এলাকার কবর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিনের উপস্থিতিতে তোলা হয়। পরে লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে স্থানান্তর করা হয়েছে।

নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, প্রথমবারের ময়নাতদন্ত সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে। এ কারণে ময়নাতদন্তে অধিকতর স্বচ্ছতা ও গ্রহণযোগ্য করতেই আমরা স্বতঃপ্রণোদিত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে ময়নাতদন্ত না করে বৃহস্পতিবার রাতে লাশটি ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছি। আগামীকাল (আজ শনিবার) ওই হাসপাতালের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে চিকিৎসকদের বোর্ড গঠন করে পুনরায় এই ময়নাতদন্ত অনুষ্ঠিত হবে।’

এদিকে বৃহস্পতিবার নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমানকে তাৎক্ষণিক বরগুনা সদর হাসপাতালে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর। একই পদে তিন কার্যদিবসের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সমীর কান্তি সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক কৌশিক সরকার ওরফে অপুকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডেকে সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে এ কথা বলা হয়।

নিহত পান্নার মা আলপনা আক্তারের দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন কৌশিক সরকার ওরফে অপু (২৩) ও মামুন মিয়া আকন্দ (২৬)। কৌশিক জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক। মামুন ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ভাগনে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বর্তমানে কারাগারে আছেন। মামলার অপর আসামি সুলতান মিয়া (২২) এখনো গ্রেপ্তার হননি।

মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ-এ নুর আলম বলেন, ‘আসামি সুলতান মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

পান্নার পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় নেত্রকোনা মডেল থানার পুলিশ প্রথমে মামলা নেয়নি। এলাকাবাসীর ক্ষোভের মুখে ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশে সাত দিন পর পান্নার মায়ের মামলা নিতে বাধ্য হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাক আহম্মদকে সরিয়ে তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ-এ নুর আলমকে।